দেশজুড়ে

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের ছেলেকে গলা কেটে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের অদূরে গৌরীপুর এলাকার নিজ বাসায় জাহাঙ্গীর আলম নয়ন (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ বুধবার নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহত নয়ন জেলার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন সরকারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দির গৌরীপুর ভুলিড়পাড়স্থ জাহাঙ্গীর আলম নয়নের নিজ বাসায় গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বাজার কমিটির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্থানীয় সাংবাদিক এম এ কাশেম জানান, নয়নের পুরো পরিবার ইউরোপে থাকে। তবে তার স্ত্রী ও সন্তানরা ঢাকায় থাকতেন। যে বাসায় খুন হয়েছেন এটা তাদের নিজস্ব বাসা। ঘটনার সময় নয়ন ছাড়া বাসায় আর কেউ ছিলেন না। দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি। তবে পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করা হয়েছে।

ওসি আরও জানান, গতকাল রাত ১টা পর্যন্ত নয়ন মোবাইলে সর্বশেষ কথা বলেছেন, তার মোবাইলের কল রেকর্ডে এ তথ্য পাওয়া গেছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বুধবার ভোর রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এদিকে খবর পেয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিট এবং পিবিআই সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

কামাল উদ্দিন/এমএএস/এমএস