আগের ম্যাচের জড়তা দারুণভাবে কাটিয়ে উঠেছিলেন, যে ফর্ম নিয়ে গেছেন নিউজিল্যান্ডে তার ঝলকও দেখা গেল আজ। সাবলীল ব্যাটিংয়ে আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির, কিন্তু জিমি নিশামের ফুটবল স্কিলের কারণে সাজঘরে ফিরে যেতে হয়েছে ৭৮ রান করা তামিম ইকবালকে।
ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান। মুশফিকুর রহীম ২০ ও মোহাম্মদ মিঠুন ১১ রান নিয়ে উইকেটে রয়েছেন।
তৃতীয় উইকেট জুটিতে দারুণ খেলেছিলেন মুশফিকুর রহীম ও তামিম ইকবাল। তাদের জুটির রান পৌঁছে গিয়েছিলেন পঞ্চাশের দোরগোড়ায়। কিন্তু তখনই ক্রিকেট মাঠে ফুটবলের স্কিল নিয়ে হাজির হলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম।
ইনিংসের ৩১তম ওভারের দ্বিতীয় বলটি আলতো করে খেলেছিলেন মুশফিক। বল বেশিদূর যায়নি, ছিল স্ট্যাম্পের পাশেই। রানের সুযোগ ভেবে দৌড় শুরু করেন তামিম। কিন্তু পপিং ক্রিজে পৌঁছানোর আগেই পা দিয়ে ছোট্ট কিকে স্ট্যাম্প ভেঙে দেন নিশাম। রিপ্লে'তে দেখা যায় তামিমের ব্যাট তখন পপিং ক্রিজের বেশ বাইরে।
নিশামের এই চতুরতায় সমাপ্তি ঘটেছে বাংলাদেশ অধিনায়কের ১১ চারের মারে ১০৮ রানের খেলা ৭৮ রানের ইনিংসের, ভেঙেছে ৪৮ রানের তৃতীয় উইকেট জুটি। ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চাশতম পঞ্চাশ পূরণ করার পর হাত খুলে খেলছিলেন তামিম। মাইলফলক পূরণের পর ২৪ বল থেকে তুলে নিয়েছিলেন ২৮ রান।
It's the golden a̶r̶m̶ boot!@JimmyNeesh with some tidy footwork to run out Tamim Iqbal for a well made 78.Tune in live, only on Spark Sport #NZvBAN pic.twitter.com/pVx480PPpz
— Spark Sport (@sparknzsport) March 23, 2021যা সম্ভাবনা জাগায় তার ১৪তম সেঞ্চুরির। কিন্তু শেষপর্যন্ত আর সম্ভব হলো না এটি। ৭৮ রানের ইনিংসটি খেলার পথে দুইবার আউট হওয়ার খুব কাছ থেকে বেঁচে গেছেন তামিম। প্রথমে ট্রেন্ট বোল্টের ওভারে তাকে কট বিহাইন্ড আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচান তামিম। রিপ্লে'তে দেখা যায় সেটি তামিমের থাই প্যাডে লেগে জমা পড়েছে উইকেটরক্ষক টম লাথামের হাতে।
পরে কাইল জেমিসনের ওভারে ফিরতি ক্যাচই দিয়ে বসেছিলেন তামিম। সেটি তালুবন্দীও করেছিলেন জেমিসন। কিন্তু ফলো থ্রু'তে তার হাতে থাকা বল মাটিতে স্পর্শ করলে বেঁচে যান ৩৪ রানে ব্যাট করতে থাকা তামিম। আর এ সুযোগের পূর্ণ ব্যবহার করে পরে তুলে নিয়েছেন ফিফটি।
২১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে ১৩টি রয়েছে সেঞ্চুরি। আর বাকি ৫০টি পঞ্চাশ রানের ইনিংস। সেঞ্চুরি কিংবা ফিফটির পরিসংখ্যানে বাংলাদেশের আর কেউই তামিমের ওপরে নেই। এই ইনিংস খেলার পথে দুইটি রেকর্ডে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন তামিম।
এতদিন ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি পঞ্চাশ রানের ইনিংস ছিল তামিম ও সাকিবের। আজ সেটি ছাড়িয়ে ষষ্ঠ পঞ্চাশ রানের ইনিংস খেললেন তামিম। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিকও হয়ে গেলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে সাকিব করেছেন ৬৩৯ রান। এখন সেটি ছাড়িয়ে ৬৫৫ রান হয়ে গেছে তামিমের।
এদিকে তামিম রানের দেখা পেলেও, আবারও হতাশ করেছেন লিটন দাস। ম্যাচটিতে নিজেদের ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন অধিনায়ক তামিম। কিন্তু সেটি ধরে রাখতে পারেননি লিটন।
ম্যাট হেনরির করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এক্সট্রা বাউন্স করা ডেলিভারিতে পুল খেলতে চেষ্টা করেন লিটন। কিন্তু ব্যাটে-বলে ঠিকভাবে সংযোগ হয়নি। যে কারণে ধরা পড়ে যান শর্ট স্কয়ার লেগে দাঁড়ানো উইল ইয়ংয়ের হাতে। রানের খাতাই খুলতে পারেননি এ ড্যাশিং ওপেনার।
মাত্র ৪ রানের মাথায় প্রথম উইকেট হারালেও পরে বিপদ সামাল দিয়েছেন তামিম ও সৌম্য। প্রথম পাওয়ার প্লে'তে ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের বিপক্ষে বেশ ভুগতে হলেও, নিজেদের উইকেট হারাননি এ দুজন। এ জুটির দেখেশুনে খেলার বদৌলতে প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৬ রান করতে পারে বাংলাদেশ।
তবে এরপর থেকে হাত খুলতে শুরু করেন দুজনই। যার ফলে পরের দশ ওভার থেকে বাংলাদেশ পায় ৫৯ রান। কিন্তু সাজঘরে ফিরে যান সৌম্য। ইনিংসের ২১তম ওভারের প্রথম বলে উইকেট ছেড়ে এগিয়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ে শিকার হন ৪৬ বলে ৩২ রান করা সৌম্য। তার বিদায়ঘণ্টা বাজান বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।
অথচ স্যান্টনারের করা এর আগের ওভারেই দর্শনীয় এক শটে বাউন্ডারি হাঁকান সৌম্য। পরে ড্যারেল মিচেলের করা ২০তম ওভারে লংঅন দিয়ে হাঁকান ইনিংসের প্রথম ছক্কাও। কিন্তু ২১তম ওভারের প্রথম বলটি উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়েই করে বসেন ভুল। লেগসাইডে টেনে দেয়া বলটি ব্যাটে-বলে খেলতে না পারার মাশুল দিয়ে হারান নিজের উইকেট।
এসএএস/জেআইএম