দেশজুড়ে

কুমিল্লায় ৪০ লাখ টাকার অবৈধ স্মার্টফোন জব্দ, গ্রেফতার ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধপথে আসা ৪০ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় স্মার্টফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-বড়ুয়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) ও সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় রেডমি কোম্পানির ২০০ পিস স্মার্টফোন ও ১৮০ পিস হেডফোন পাওয়া যায়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির ভেতরে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ। জব্দ মোবাইল সেট ও অন্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

তিনি আরও জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাইপথে এনে দেশের বাজারগুলোতে বিক্রি করছে। এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফআরএম/এমএস