আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ অক্টোবর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশবিশ্বে ক্ষুধা নিবারণ কার্যক্রম ও ফলাফলের দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের (জিএইচআই)-২০২১ এর প্রতিবেদন প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১৪ অক্টোবর)। এতে দেখা যায়, এবারের তালিকায় বাংলাদেশ ৭৬, পাকিস্তান ৯২ এবং ১০১ নম্বরে রয়েছে ভারত।

২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। ২০১৯ সালে একই সূচকে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮। এ সূচকে ২০১৮ সালে বাংলাদেশ ছিল ৮৬তম।

আফগানিস্তানে ফের জুমার নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩২আফগানিস্তানে আবারও জুমার নামাজের সময় মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এদিন শহরের বিবি ফাতিমা মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটে। এটি ওই এলাকায় শিয়া মুসলিমদের জন্য সবচেয়ে বড় মসজিদ।

ছুরিকাঘাতের পর মারাই গেলেন ব্রিটিশ এমপিমারা গেছেন যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য (এমপি) স্যার ডেভিড অ্যামস। নিজের নির্বাচনী এলাকায় গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে একটি ছুরি উদ্ধার করে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালেযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি করোনা আক্রান্ত নন বলে জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টের মুখপাত্র। খবর বিবিসির।

ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে স্থানীয় সময় মঙ্গলবার ভর্তি হন বিল ক্লিনটন। ৭৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট স্বাভাবিক ও প্রাণবন্ত রয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা।

ভারতে দশেরা শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির ধাক্কা, হতাহত অনেকভারতের ছত্তিশগড়ে দশেরার শোভাযাত্রায় ঢুকে কয়েকজনকে পিষে দিয়েছে একটি দ্রুতগতির গাড়ি। এতে এখন পর্যন্ত একজন নিহত ও ২০ জনের বেশি আহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

নিহত ওই ব্যক্তির নাম গৌরব আগারওয়াল (২১)। তিনি জশপুরের পথলগাঁও এলাকার বাসিন্দা বলে জানা যায়।

জাপানে সাধারণ নির্বাচন ৩১ অক্টোবরজাপানের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৩১ অক্টোবর সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নির্বাচনের দিন ধার্য করেন তিনি।

৪ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন ফুমিও কিশিদা। দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় নিম্নকক্ষ ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করলেন তিনি।

সৌদি আরবের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেনযুক্তরাষ্ট্র সৌদি আরবকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাছাড়া সৌদির সুরক্ষায় ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। ওয়াশিংটনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (১৫ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। আমরা রিয়াদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে ওয়াশিংটন সফরে যাওয়ায় কৃতজ্ঞতা জানান তিনি।

সলোমন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পদক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন।

ইউএসজিএস জানিয়েছে, প্রবল শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্র ছিল দ্বীপরাষ্ট্রটি থেকে ১৯৯ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

অবশেষে বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুললো ভারতদীর্ঘ ১৯ মাস পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে ভারত। কারণ দেশটিতে দৈনিক সংক্রমণের হার কমেছে। তাই শিথিল করা হয়েছে করোনার বিধিনিষেধ। যারা চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করবে তাদের জন্য শুক্রবার থেকে ভিসা দেওয়া শুরু করেছে দেশটি। শুক্রবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ অক্টোবরের আগের সব ভিসা অবৈধ বলে বিবেচিত হবে। তার মানে হলো ভারত ভ্রমণের ক্ষেত্রে নতুন করে ভিসা নিতে হবে।

সমালোচনার পর জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা স্কট মরিসনেরজাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। এতে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্ব নেতাদের। কিন্তু এবারের জলবায়ু সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যোগ দেবেন কি না তা নিয়ে কয়েক সপ্তাহ চলে বেশ জল্পনা-কল্পনা। অবশেষে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানালেন তিনি এ সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মরিসন শুক্রবার সাংবাদিকদের বলেন, জলবায়ু সম্মেলনে আমি অংশগ্রহণ করবো। কারণ বৈশ্বিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিতের পর অ্যাক্টিভিস্টদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। প্রিন্স চার্লসও বিস্ময় প্রকাশ করেন তার এমন সিদ্ধান্তের ফলে।

কেএএ/এএসএম