দেশজুড়ে

কাঁঠালিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ তামান্নার মরদেহ উদ্ধার

কুমিল্লার মেঘনার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তামান্না আক্তারের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তামান্নার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তামান্না আক্তার ঢাকার ডেমরা এলাকার মো. শেখ ফরিদের মেয়ে।

মেঘনা চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, সোমবার ট্রলারডুবির র্ঘটনায় তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), নাতনি আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তারের (৭) মরদেহ উদ্ধারের পর শিশু তামান্না নিখোঁজ ছিল।

আবু আব্দুল্লাহ আরও বলেন, চাঁদপুর থেকে একদল ডুবুরি এসে বিকেল ৪টা থেকে অভিযান শুরু করে। প্রবল স্রোত, তীব্র ঠান্ডা ও কচুরিপানার কারণে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে শিশু তামান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই একই পরিবারের সদস্য।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম