ইউনিয়ন পরিষদের সপ্তম ধাপের নির্বাচনে কুমিল্লার দুই উপজেলায় নানা অনিয়মের দায়ে ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক প্রার্থীর সমর্থককে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়।
জাল ভোট প্রদান ও আচরণবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক ও কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুভাশীষ ঘোষ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। এ সময় ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। তিনি এক প্রার্থীর পক্ষে ভোট ক্রয়ের চেষ্টা করছিলেন।
এদিকে প্রিসাইডিং কর্মকর্তা রিপন সরকার জানান, বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে জালভোট দেওয়ার চেষ্টাকালে চার যুবককে আটক করেছে পুলিশ।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস