মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন-উপজেলার উত্তর শিদলাই গ্রামের আরিফুল ইসলাম (২৮) ও রাকিবুল ইসলাম (২০)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপেল্লা রাজু নাহা জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আরিফুল ও রাকিব তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.)-কে নিয়ে ‘কটূক্তিমূলক’ একটি স্ট্যাটাস দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। রাতে আরিফ ও রাকিবকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বাদী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘রাষ্ট্র এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করি। শুনেছি, ফেসবুকের ওই স্ট্যাটাসের জন্য বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দিয়েছে।’
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপেল্লা রাজু নাহা বলেন, গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস