দেশজুড়ে

২১ আগস্টের মিছিলে যেতে বাধা, মেম্বারের মোটরসাইকেলে আগুন

২১ আগস্টের মিছিলে যেতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরতলির ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানে দুপুর আড়াইটার দিকে যোগ দেন ধর্মপুর এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় দুর্গাপুর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশারকে মিছিলে যোগ দিতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবদুল হান্নান সোহেল।

খবর পেয়ে যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল ও ফখরুল ইসলাম রুবেল মেম্বারের নেতৃত্বে ইউপি সদস্য আবদুল হান্নান সোহেল অনুসারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যান। এসময় বিক্ষুব্ধ কর্মীরা ইউপি মেম্বার সোহেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

এ বিষয়ে যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল জানান, ইউপি মেম্বার সোহেল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক গ্রুপের লোক। দুপুরে আওয়ামী লীগ কর্মী আবুল বাসারের ওপর হামলা করেন তিনি। খবর পেয়ে আমাদের কর্মীরা ধাওয়া দিলে সে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ কর্মীরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল হান্নান সোহেলকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস