কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক ও জাতীয় চক্রান্ত শুরু হয়েছে।
রোববার (২১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সমর্থন করেনি তাদের দালালরা ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছিল। আজও তারা একই কাজ করতে চায়। শেখ হাসিনা মানুষের রাজনীতি ও গণতন্ত্রে বিশ্বাস করে তাই সবাই মানুষের মঙ্গলে কাজ করতে হবে।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার, যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া, গণজামায়েত ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম