দেশজুড়ে

১৬ মামলায় পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা কারাগারে

কুমিল্লায় পরোয়ানা জারি হওয়া ১৬ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা আব্দুল মালেককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার নালগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুল মালেক চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকার কোয়ালিটি ব্রিকস ফিল্ডের মালিক। এছাড়া তিনি কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।

ওসি আবুল কায়েস আকন্দ বলেন, আব্দুল মালেকের বিরুদ্ধে চারটি মামলায় সাজা পরোয়ানাসহ মোট ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগেও তাকে ধরতে আমরা অভিযান চালিয়েছি। তবে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টায় উপজেলার নালগড় এলাকায় মোটরসাইকেল যোগে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/এএসএম