কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য ও ডাকাত দলের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় ডাকাতের কবলে পড়া ডেনমার্ক প্রবাসী যুবককে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে বলেন, মহাসড়কে প্রাইভেটকারের সামনে রড ফেলে ডাকাতি করেছিল ছয়জন। এ সময় টহল পুলিশ ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে তারা সড়কে অবস্থান নেয় এবং ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মো. রহিম (২৫) ও সাব্বির (৩০) নামে দুজন গুলিবিদ্ধ হন। তাদের আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়। রহিমের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, ডাকাতদের গুলিতে সদর দক্ষিণ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়াছিন ও এক কনস্টেবল আহত হয়েছেন। ডাকাত দলের সদস্য ও পুলিশ সদস্যরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ডাকাত দলের কবলে পড়া ডেনমার্ক প্রবাসী যুবক যেসব মালামাল নিয়ে এসেছেন তা প্রাইভেটকারে ছিল। আমরা তার সব মালামাল উদ্ধার করেছি। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম