দেশজুড়ে

পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে কৃষি উদ্বুদ্ধকরণ কর্মশালা

পটিয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে কৃষি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পটিয়ার হরিন খাইনে এ কর্মশালা অুনষ্ঠিত হয়। বারী এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক বজলুল বারী চৌধুরী কর্মশালায় শিক্ষার্থীদেরকে কৃষি কাজের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। চলতি বোরো মৌসুমকে সামনে রেখে বারী এগ্রো ফার্মের উদ্যোগে “ফিরে চল মাটির টানে”অনুষ্ঠানের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আনাই এর কর্মশালার  মূল লক্ষ্য। বারী এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক বজলুল বারী চৌধুরী বলেন, বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৪০ লাখ। জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করতে ধান উৎপাদন অতি জরুরি। বিশ্বের জলবায়ুর পরিবর্তনের কারণে কৃষি এবং মৎস্য মারাত্মক ক্ষতির সম্মুখীন। আউশ, আমন দুই মৌসুমে বৃষ্টি, শিলা বৃষ্টি, তুফান, বন্যায় কৃষক মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। ধানের মূল্য কম হওয়ায় সর্ব সম্বল হারিয়ে কৃষক প্রায় নিঃস্ব। কৃষক কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, নতুন নতুন আধুনিক প্রযুক্তি নিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে। তিনি বলেন, আধুনিক নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসলে বাম্পার ফলন ফলিয়ে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে কৃষিকে বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব। জীবন মুছা/জেএইচ/পিআর