রাজনীতি

‘আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয়-শক্তিশালী দল’

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিশ্ব নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ দিয়ে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা সফল হবেন না। কারণ আওয়ামী লীগ শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দল।

শুক্রবার (১২ মে) শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, আওয়ামী লীগকে সংগঠিত করে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে সুসংগঠিত করে চার বার প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন। আগামী নির্বাচনেও দেশের জনগণ পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে এবং ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনো দিন করতে পারবে না। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।’

এনামুল হক শামীম বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল মুন্সী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, আওয়ামী লীগ নেতা দিপু মুন্সী প্রমুখ।

আইএইচআর/এএএইচ/এএসএম