রাজধানীর রমনা থানাধীন এলাকায় গুলি করে মো. ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে খুন ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারীকে ধরতে রমনা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে থানার ওসি মো. মশিউর রহমান নিজে রয়েছেন।এর আগে রোববার বিকেলে হাজীপাড়া নতুন রাস্তা এলাকায় ছিনতাইকারীর গুলিতে বাংলাদেশ স্যানেটারি নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ইসমাইল হোসেন মারা যান। এ সময় তার সঙ্গে থাকা দুই লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।এব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি এসএম জাহাঙ্গির আলম সরকার জানান, ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় রমনা থানা পুলিশ এ অভিযান শুরু করেছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।এব্যাপারে যোগাযোগ করা হলে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ছিনতাইকারীকে ধরতে অভিযান চলছে। রমনা থানাধীন মীরবাগ দিলুরোড, সোনালীবাগ, আমবাগান, চেয়ারম্যান গলি, পূর্ব নয়াটোলা, মধুবাগ ও ঝিলপাড়সহ বেশ কয়েকটি স্থানে অভিযান চলছে। আমরা ছিনতাইকারীকে শনাক্ত করেছি। সে এই এলাকাতেই রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।এর আগে বিকেলে নিহতের খালাতো ভাই ও স্যানেটারি ব্যবসায়ী মিন্টু মিয়া সাংবাদিকদের জানান, আল আরাফা ব্যাংক থেকে দুই লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে ডাচ বাংলা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশে বের হয়েছিলেন ইসমাইল। পথে হাজীপাড়ার নতুন রাস্তা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ইসমাইল নোয়াখালীর বেগমগঞ্জের খানপুর গ্রামের মৃত মোস্তফা হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে ৩৫৭/২০/১/১ মগবাজার মধুবাগ এলাকার ভাড়া বাসায় থাকতেন।জেইউ/বিএ