রাজনীতি

যুবদল নেতা রুবায়েদকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শ্যামলীর নিজ বাসার সামনে থেকে রুবায়েদকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন রিজভী।

বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশজুড়ে পরিকল্পিত ছকের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করা হয়েছে। এদের আমলে চলে আসা গুম, ক্রসফায়ার ও অপহরণ এখনজোরেশোরে শুরু হয়েছে। গায়েবি মামলা দিয়ে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের শুধু গ্রেফতারই করা হচ্ছে না, বর্তমান সরকারের দায়েরকৃত ৯/১০ বছর পূর্বের মিথ্যা মামলায় তড়িঘড়ি করে সাজা দেওয়ার ধুম শুরু হয়েছে। আইন, প্রশাসন, বিচারসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ শেখ হাসিনার হাতের মুঠোয়।

বিএনপির এ মুখপাত্র বলেন, মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং ওয়ারেন্ট ছাড়াই গোয়েন্দা সংস্থার লোকেরা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যে কোনো স্থান ও দিনে-রাতের যে কোনো সময় তুলে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন>> হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানাতে যুবদলের মিছিল

রিজভী অভিযোগ করে বলেন, আজ খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে ঢাকা শ্যামলীর নিজ বাসার সামনে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত স্বীকার করছে না। স্বামীর সন্ধানে রুবায়েদের স্ত্রী ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের সামনে আহাজারি করছেন। বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি রুবায়েদ মহানগর গোয়েন্দা দপ্তরেই রয়েছে। কিন্তু এখনো রুবায়েদের বিষয়টি স্বীকার না করা তার পরিবারের মধ্যে শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের জনভিত্তি নেই বলেই গুম-খুনের মতো মনুষ্যত্বহীন কর্মসূচি বেছে নিয়েছে। সারাবিশ্ব থেকে গুমের বিষয়ে তীব্র নিন্দার ঝড় বইলেও সরকারের টিকে থাকার জীবনীশক্তি হচ্ছে গুম, ক্রসফায়ার, গায়েবি মামলা ও বেআইনি গ্রেফতার। চরম মানবতাবিরোধী কর্মসূচিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বিএনপিসহ বিরোধীদলের গণতান্ত্রিক আন্দোলনের ওপর।

রিজভী বলেন, জনগণের প্রবল শক্তির ঢেউ তাদের দিকে যাতে ধেয়ে যেতে না পারে সেজন্য বেছে বেছে বিএনপিসহ বিরোধীদলের তরুণ নেতাদের টার্গেট করেছেন স্বদেশের সীমানা থেকে নিরুদ্দেশ করার। এ উদ্দেশ্য চলমান রাখতেই খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইবাদুল হক রুবায়েদকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে এখনো স্বীকার করছে না। আমি এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর আহ্বান জানাই।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ