দেশজুড়ে

আগৈলঝাড়ায় ব্যালট ছিনতাইয়ের ঘটনায় মামলা, আসামি ৩০০

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রথম দফায় বাকাল ও বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।বুধবার দিবাগত রাতে আগৈলঝাড়া থানায় মামলা দু’টি দায়ের করা হয়। বাকাল ইউনিয়নের ভেগাই হালদার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮০টি ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।অন্যদিকে বাগধা ইউনিয়নের আমবৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় অপর মামলাটি দায়ের করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক।গত ২২ মার্চ নির্বাচনের দিন ওই দুটি কেন্দ্র জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাই করা হয়। এসব অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগতি করা হয় কেন্দ্র দুটিতে।আগৈলঝাড়া থানার সেকেন্ড অফিসার (এসআই) হাসানুজ্জামান জানান, বেআইনিভাবে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র দুটি থেকে মোট ১৮০টি ব্যালট পেপার চুরি হয়। এ ঘটনায় রাতে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে থানায় দুটি মামলা হয়েছে।সাইফ আমীন/বিএ