রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খাইরুজ্জামান লিটন বলেছেন, ‘নতুন প্রজন্ম জাতীয় চার নেতার নাম সঠিকভাবে বলতে পারে না। বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যু তারিখও তারা সঠিকভাবে জানে না। এভাবে নতুন প্রজন্ম ইতিহাস ভুলতে বসেছে।’বুধবার বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ও বধ্যভূমি’ গ্রন্থের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক লিখিত এ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে খায়রুজ্জামান বলেন, ‘জাতীয় চার নেতার মধ্যে তাজউদ্দিন আহম্মেদ ছাড়া আর কাউকে নিয়ে বই লেখা হয়নি। তাই নতুন প্রজন্মের কাছে আমরা চার নেতার প্রকৃত ইতিহাস ও মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা তুলে ধরতে পারছি না। স্বাধীনতা বিরোধীরা সবসময় জাতীয় চার নেতার অবদানের কথা মুছে ফেলার চেষ্টা করছে।’আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ও স্বাধীনতা অর্জনে যারা অবদান রেখেছেন তাদের নিয়ে বেশি করে পুস্তক রচনা করা দরকার। এর মাধ্যমে নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে। যাতে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলা ভাষা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।’তিনি আরো বলেন, ‘স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি ঘৃণা বাড়াতে ও দেশপ্রেমে উজ্জীবিত হতে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি যেন কোনোভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।’অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক পিএম সফিকুল ইসলামের সভাপতিত্বে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধে শহীদ মীর আব্দুর কাউয়ূমের স্ত্রী মাসতুরা খাতুন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দারের স্ত্রী চম্পা সমাদ্দার। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।জোটের সাধারণ সম্পাদক হাসান ইমাম সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপচার্য অধ্যাপক আবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।রাশেদ রিন্টু/বিএ