যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তারা মারা যায়। এর আগে বুধবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা আন্দোলপোতা মাঠে বোমা তৈরির সময় বিস্ফোরণে ৫ জন আহত হয়। নিহতরা হলেন-সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮) ও একই গ্রামের আনার উদ্দিনের ছেলে সবুজ (২৯)। আহত তিনজন হলেন, আন্দোলপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) এবং অপরজন রাকিব হোসেন। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর ভাষ্য মতে, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে ত্রাস সৃষ্টির করার জন্য তারা পাঁচজন স্থানীয় আন্দোলপোতা মাঠে বোমা তৈরি করছিলেন। এক পর্যায়ে বোমা তৈরির সময় বিস্ফোরণ হলে তারা গুরুতর জখম হন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড জানান, আহতের পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এদের মধ্যে ইবাদুল ও সবুজের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুইজনকে ঢাকা মেডিকেলে নিতে পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু ঢাকায় স্থানান্তরের আগেই বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাদের মৃত্যু হয়। যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই তারা আহত হয়েছিলেন। এরপর সকালে দু’জনের মৃত্যু হয়েছে।মিলন রহমান/এসএস/এমএস