খেলাধুলা

নিরাপত্তার কারণে পাকিস্তান সফর স্থগিত করলো কেনিয়াও

নিরাপত্তার কারণে বুধবার পাকিস্তান সফর স্থগিত করার ঘোষণা দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। এবার তাদের সাথে যোগ দিল কেনিয়াও! নিরাপত্তার কারণে কেনিয়ার নারী দলও পাকিস্তান সফর স্থগিত করার ঘোষণা দিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে বুধবার জানায়, এপ্রিলে হতে যাওয়া পাকিস্তান সফর তারা স্থগিত করতে যাচ্ছে। কয়েকদিন আগেই লাহোরে এক সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়। পাকিস্তান তালেবানদের অন্যতম ঘাঁটি হিসেবেও পরিচিত। লাহোর ঘটনার রেশ ধরে এবার কেনিয়াও তাদের সফর স্থগিত করলো। ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে কেনিয়া নারী দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। সেখানে পাকিস্তান ডেভেলপমেন্ট নারী দলের সাথে ম্যাচ খেলারও কথা ছিল তাদের; কিন্তু লাহোরের ঘটনার কারণে সেই সফর স্থগিত করেছে তারা। আরআর/আইএইচএস/পিআর