আইন-আদালত

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন দুই বিচারপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই জন বিচারপতি। বৃহস্পতিবার বিকালে দুই বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।তারা দুইজন হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নিজামুল হক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নিজামুল হকের সঙ্গে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানও আপিল বিভাগে নিয়োগ পান।পরে জয়নাল আবেদনীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় দুই বিচারপতি বিচার বিভাগীয় অবকাঠামো, বিচারকদের নিরাপত্তা ও যানবাহন সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিচারকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি পাবে। তারা এসব বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।এ সময় তৃণমূল পর্যায়ে ‘লিগ্যাল এইড’ কার্যক্রমকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি দুই বিচারপতিকে অভিনন্দন জানান। তিনি আশা করেন, তাদেরকে নিয়োগ দেয়ার ফলে সুপ্রিমকোর্টে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়বে।”উল্লেখ্য যে বিচারপতি নিজামুল হক আপিল বিভাগের বিচারপতি হওয়ার আগেই সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যানের দ্বায়িত্বে রয়েছেন।এফএইচ/এআরএস/আরআইপি