দেশজুড়ে

যশোরে ভোটকেন্দ্রে বোমাবাজির ঘটনায় মামলা

যশোরের চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমা হামলা-সংঘর্ষে ভাজা বিক্রেতা আব্দুস সাত্তার বিষে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০জনের বিরুদ্ধে এ মামলা করেছেন।আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা শহরের ষষ্ঠীতলার ইমাম হাসান লাল, হাফিজুর রহমান মরা, তরিকুল ইসলাম, চাঁচড়ার মেম্বার প্রার্থী বিল্লাল হোসেন ও তার ভাই হেলাল হোসেন, শংকরপুরের সুমন, রকি, শামিম, চাঁচড়া রায়পাড়ার ফিরোজ, মুক্তি, চাঁচড়ার লাল্টু, বাবু, জীবন, তানজিল, রাইফুল ইসলাম, ইউসুফ, শাহিন, সুইট, মামুন, বাদশা, আলমগীর ভুইয়া, কানা খোকন, মশিউর রহমান, তাজু, চোরমারা দিঘিরপাড়ের শহিদুল ও ভাষা।  মামলার বিবরণে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করার উদ্দেশে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আসামিরা চাঁচড়া-ভাতুড়িয়া কেন্দ্রে ১০/১২টি বোমার বিস্ফোরণ এবং ১০/১২টি গুলি বর্ষণ করে। এ সময় খোলাডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার বিষের মাথায় গুলি লেগে মাটিতে পড়ে যান। এছাড়া একই সঙ্গে আব্দুল হক, বকুল, নাসির ও মোটা সেলিমসহ আরও কিছু লোকজন আহত হন। স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় আব্দুস সাত্তার বিষে মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনার মামলায় কেউ আটক হয়নি। মিলন রহমান/এসএস/এবিএস