আন্তর্জাতিক

পালমিরা গণকবর থেকে ৪২ মৃতদেহ উদ্ধার

সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকার গণকবর থেকে এ পর্যন্ত ৪২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আইএসের পুতে রাখা বোমা এবং মাইন নিষ্ক্রিয় করার সময়ই গণকবরের সন্ধান পায় সিরীয় বাহিনী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।সাম্প্রতিক সময়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং প্যারিসে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে আইএস। তবে তারা সিরিয়া এবং ইরাকে তাদের দাপট কমতে শুরু করেছে। সিরীয় বাহিনী এবং রুশ বাহিনী বেশ কয়েক দফা হামলা চালিয়ে আইএসের হাত থেকে পালমিরা পুনর্দখল করেছে। আইএসের হাত থেকে পালমিরা মুক্ত করার এক দিন পরেই গণকবরের সন্ধান পায় সিরীয় বাহিনী। এ পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহগুলোর ২৪টিই বেসামরিক নাগরিকের। ওই গণকবর থেকে তিনটি শিশুর লাশও উদ্ধার করেছে সেনা সদস্যরা। তবে তাদের পরিচয় এখনও জানানো হয়নি। তাদের শিরশ্ছেদ বা গুলি করে হত্যা করা হয়েছে। পালমিরায় নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে আইএস। জঙ্গিরা নারী এবং শিশুসহ অন্তত ৪শ’ জনকে হত্যা করেছে। গণকবরটি সেই হত্যাকাণ্ডেরই প্রমাণ। প্রায় এক বছর আইএসের দখলে থাকার পর প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে গত মাসের ২৭ তারিখে পালমিরাকে মুক্ত করা হয়।পাঁচ বছর ধরে চলা যুদ্ধ আর সংঘাতে দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এই গণকবরগুলো আইএসের নির্মম হত্যাকাণ্ডেরই প্রমাণ। টিটিএন/এমএস