জাতীয়

আফ্রিকায় পাচার বাংলাদেশিকে ঢাকায় ফেরত

দক্ষিণ আফ্রিকায় পাচারের শিকার মুহিত নামে এক বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে র‌্যাব। ঘটনার সঙ্গে জড়িত দুই পাচারকারীকে আটকও করা হয়েছে।  যাদের আটক করা হয়েছে তারা হলেন- সজিব (২৬) ও বেলায়েত (২৯)। গতকাল রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দাবি র‌্যাবের।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জাগো নিউজকে বলেন, পাচারের শিকার মুহিতের বাড়ি ফরিদপুর কোতয়ালি। কিছুদিন আগে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব তদন্ত শুরু করে জানতে পারে মুহিতকে দক্ষিণ আফ্রিকায় পাচার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে লোকেশন জেনে, আফ্রিকার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আজ সকালে মুহিতকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব। জেইউ/এনএফ/এবিএস