দেশজুড়ে

কুমিল্লায় স্কুলছাত্র খুনের রহস্য বের হয়নি

কুমিল্লার বরুড়ায় ইব্রাহিম নামের ২য় শ্রেণির এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারেনি। রোববার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ডিবির একটি তদন্তকারী টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ডিবি ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে।নিখোঁজের ৩ দিন পর গত শনিবার দুপুরে জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামের নিজ বাড়ির একটি সেপটিক ট্যাঙ্ক থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেছিল। ছেলে নিখোঁজের খবর পেয়ে সদ্য সৌদি আরব থেকে দেশে ফেরা তার বাবা আবুল কাসেম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।এদিকে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে শিশু ইব্রাহিম (১০) বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। শনিবার দুপুরের দিকে তার চাচা তাবারক উল্লাহর সেপটিক ট্যাঙ্কির মুখ খোলা দেখে বাড়ির লোকজন গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ইব্রাহিমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এদিকে শিশু ইব্রাহিম হত্যার প্রতিবাদে রোববার বিকেলে স্থানীয় শাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। মো. কামাল উদ্দিন/ এমএএস/এবিএস