বিশেষ প্রতিবেদন

মির্জা ফখরুল পদ ছাড়লেও ছাড়েননি রিজভী

‘এক নেতার এক পদ’ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে চূড়ান্ত করা হলেও নব মনোনীত সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এখনো দফতরের দায়িত্ব ছাড়েননি। অতিরিক্ত দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়ে নিরবতা পালন করছেন তিনি। ফলে তার এমন আচরণে গঠনতন্ত্র লংঘনের সূচনা হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।এর আগে তিনি দলের সপ্তম যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি দফতরের দায়িত্বও পালন করেছেন। তবে নব মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য পদ থেকে অব্যাহতি নিলেও রিজভীর নিরবতায় দলটির নেতাকর্মীদের মাঝে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, নতুন গঠনতন্ত্র অনুযায়ী যাদেরকে দায়িত্ব দেয়া হবে তাদের সবাইকেই একটি পদে বহাল থেকে বাকী পদগুলো ছেড়ে দিতে হবে। প্রসঙ্গত, বর্তমান কমিটির প্রায় সব নেতাই একাধিক পদে থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।এদিকে অভিযোগ উঠেছে, রিজভী আহমেদ দীর্ঘদিন নয়াপল্টনে অবস্থান করে বিশাল বলয় গড়ে তুলেছেন। তবে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পরও তিনি দফতরের পদ ছেড়ে দিবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।নয়াপল্টনে নিয়মিত আসা যাওয়া করেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখার এক সদস্য সচিব নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, দলের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রিজভী ভাইয়ের দফতরের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা এ প্রতিবেদককে জানান, নয়াপল্টন ছাড়া রিজভী সাহেবের আর কোন চেম্বার নাই। সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ পেলেও নয়াপল্টন দখলে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।খোঁজ নিয়ে জানা গেছে, সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পেলেও নয়াপল্টন থেকে দফতরের দায়িত্ব ছাড়তে নারাজ পরীক্ষিত নেতা রিজভী। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মনোনীত হলেও নানা কৌশল অবলম্বন করে দফতরের দায়িত্বও নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। বিএনপির নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী সাবেক একজন ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, রিজভী ভাইয়ের মতো একজন পরীক্ষিত নেতা যদি দলের গঠনতন্ত্র লংঘনের সূচনা করেন তাহলে পরবর্তীতে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, গঠনতন্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে রিজভীর দফতরের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত। তবে দায়িত্ব ছেড়ে দেয়ার পর ম্যাডাম নতুন দফতর মনোনয়নের আগ পর্যন্ত যদি ফের দায়িত্ব দেন তাহলে দায়িত্ব পালন করলে তিনি সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবেন।এদিকে এক নেতার এক পদের বিষয়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা জানতে চাইলে রুহুল কবির রিজভী জাগো নিউজকে বলেন, এটাই হওয়া উচিত।সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি আপনি দফতরেও দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে হাসোজ্জ্বল ভঙ্গিতে তিনি বলেন, তা এখনো বলতে পারছি না। এমএম/জেএইচ/এমএস