আইন-আদালত

শাজনীন হত্যা মামলার অপিল শুনানি বুধবার

রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে হাইকোর্টের দেয়ার রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদেস্যর আপিল বিভাগের বেঞ্চ এই দিন ধার্য করেন।আদালতে মঙ্গলবার আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। আর বাদি পক্ষে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী ও এস এম আবদুল মবিন।জানা যায়, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানের নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। এ ঘটনায় শাজনীনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। এর চার বছর পর ২০০৩ সালের ২ সেপ্টেম্বরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে তাদের বাড়ির সংস্কার কাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসানসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন। অন্যান্য পাঁচ আসামিরা হলেন, গৃহভৃত্য শহীদুল ইসলাম (শহীদ), হাসানের সহকারী বাদল এবং গৃহপরিচারিকার দুই বোন এস্তেমা খাতুন (মিনু), পারভীন ও কাঠমিস্ত্রি শনিরাম মণ্ডল।ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে ২০০৬ সালের ১০ জুলাই হাইকোর্ট পাঁচ আসামি হাসান, শহীদ, বাদল, মিনু ও পারভীনের ফাঁসির আদেশ বহাল রাখেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শনিরামকে খালাস দেন হাইকোর্ট।হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুদ্দিন হাসান, বাদল, মিনু ও পারভীন। ২০০৯ সালের ২৬ এপ্রিল ওই চার আসামির লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। অপর আসামি শহীদুল জেল আপিল করেন। প্রায় সাত বছর পর গত ২৯ মার্চ আসামিদের আপিলের শুনানি শুরু হয়। এফএইচ/এসকেডি/আরআইপি