আওয়ামী লীগ শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ক্রসফায়ারের নামে সংঘটিত বিচারবহির্ভূত হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম জানান, প্রতিটি ক্রসফায়ারের ক্ষেত্রে একই রকম গল্প বা বর্ণনা দেখা যায়। এটি পদ্ধতিগত ও বিস্তৃত আক্রমণ, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচারের জন্য সংজ্ঞায়িত অপরাধ।
‘আমরা চেষ্টা করছি। সারাদেশে যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, তার পরিসংখ্যান জোগাড় করছি। এ সংক্রান্ত সব মামলার কপি সংগ্রহ করছি। মামলাগুলো যাচাই-বাছাই করে যেগুলো ট্রাইব্যুনালে বিচারের জন্য আনার মতো, সেগুলো তুলে নিয়ে আসবো এবং ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করবো,’ যোগ করেন চিফ প্রসিকিউটর।
তিনি সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকার অভিন্ন পরিকল্পনায় সারাদেশে ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড করেছে। এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে হতে পারে।
যারা আওয়ামী লীগ সরকারের মতের বিরোধী ছিলেন বা স্থানীয় নেতাদের সঙ্গে মতের অমিল হয়েছে, পুলিশকে ব্যবহার করে তাদের ক্রসফায়ার দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। ভুক্তভোগীদের বিভিন্ন জায়গায় নিয়ে অস্ত্র উদ্ধারের নাটক করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এফএইচ/একিউএফ