বিনোদন

আনকাট সেন্সর পেরোলো অস্তিত্ব

নির্মাতা অনন্য মামুন পরিচালিত `অস্তিত্ব` ছবিটি প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিছুদিন আগে ছবিটির ‘আয়না বল না’ শিরোনামের রোমান্টিক একটি গানে শুভ-তিশাতে মজেছিলো ঢাকাই ছবির দর্শক। তবে সেটিকে ছাপিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয় ছবিটির আরো একটি গান ‘আমি বাংলার হিরো’। সে গানে শুভ-তিশার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। এসব পুরানো খবর। নতুন খবর জানালেন নির্মাতা মামুন। জাগো নিউজকে তিনি বলেন, `সেন্সর বোর্ড ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দিয়েছেন। একইসাথে তারা ছবিটির ভূয়সী প্রসংশা করেছেন। আজ হাতে পাবো সেন্সর সনদ। আশা করি `অস্তিত্ব` ঢাকাই চলচ্চিত্রের বাণিজ্যিক ঘরানার ছবিতে নতুন এক দিগন্তের সূচনা করবে।` এদিকে, আগামী মে মাসেই `অস্তিত্ব` ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মামুন। বললেন, `চলতি এপ্রিলে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সাময়িক সমস্যার কারণে হয়ে ওঠেনি। তবে মে মাসের যেকোনো শুক্রবার ছবিটি মুক্তি পাবে। খুব শিগগির চূড়ান্ত তারিখ জানানো হবে।`  নির্মাতা আরো বলেন, `শুধু দেশেই নয়, দেশের বাইরে ওমান, মালয়েশিয়া এবং যুক্তরাজ্যে `অস্তিত্ব` ছবিটি মুক্তি পাবে`। `অস্তিত্ব` ছবিতে শুভ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম, রুবিনা, ডন প্রমুখ। এছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মামুন নিজেই। নানা বিপত্তি পেরিয়ে শিশুদের অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্নপূরণে তাদের শিক্ষকের সহযোদ্ধা হয়ে যাওয়ার গল্প নিয়ে এগিয়ে গেছে অস্তিত্বের কাহিনি। এনই/এইচএন/এমএস