রাজশাহীর চারঘাটে দেশীয় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দাগোবিন্দপুর গ্রামে সাড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দাগোবিন্দপুর গ্রামের নেশার মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ওরফে নুরিমান মেম্বার ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে মুজিবুর রহমান। এসময় ওসি আরো জানান, সারদা ইউনিয়নের খোর্দ্দাগোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুর ইসলামের ছেলে সজিব তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সামনে পহেলা বৈশাখ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নুর ইসলামের ছেলে সজিব তার নিজ বাড়িতে অস্ত্র ও গুলি মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নুর ইসলামের নিজ বাড়িসহ সহযোগী মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়।এসময় তাদের বাড়ি থেকে সর্টগানের দুই রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল ও তিনটি রামদাসহ নুর ইসলাম ও তার সহযোগী মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সজিব পালিয়ে যায়। এ ব্যাপারে আজ সকালে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।শাহরিয়ার অনতু/এফএ/পিআর