সবশেষ নির্বাচনে নানা অনিয়ম প্রমাণ হওয়ায় গতকাল (মঙ্গলবার) ভেঙে দেওয়া হয় বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ। যাদের অধীনে গত ৬ মাস ধরে কোনো লিগ না খেলার সিদ্ধান্তে অবিচল ছিল ঢাকার ৩৯টি ক্লাব।
প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট দায়সারা ভাবে হলেও ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দেয়। গতকাল দায়িত্ব নিয়ে আজ বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল বললেন, যত দ্রুত সম্ভব প্রিমিয়ার লিগ আয়োজন করতে চান তারা।
বুধবার মিডিয়া ব্রিফিংয়ে তামিম বলেন, ‘একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খুব দ্রুতই প্রতিটি দলের সঙ্গে বসব। তাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব দলবদলের তারিখ ঘোষণা করা এবং লিগের খেলা মাঠে গড়ানোই আমাদের লক্ষ্য।’
মাঠ নিয়ে শঙ্কা থাকলেও প্রয়োজনে মাঠ ভাড়া নেওয়া হবে বলেও জানান তামিম, ‘মাঠ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তবে প্রয়োজনে আমরা মাঠ ভাড়াও নেব। বর্তমানে অনেক বেসরকারি একাডেমি রয়েছে, যাদের মাঠ তালিকাভুক্ত ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট উপযোগী। প্রয়োজন হলে সেসব মাঠও ব্যবহার করা হবে।’
এসকেডি/এমএমআর