বিনিয়োগকারীদের সুবিধার্থে নতুন রূপে সাজানো হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট। ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর খুঁটিনাটি সব তথ্য সহজেই পাবেন বিনিয়োগকারীরা। যা ঝুঁকিমুক্ত বিনিয়োগে সহায়ক হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক স্বপন কুমার বালা। তিনি বলেন, ডিএসইর ওয়েবসাইটের আপডেটেড ভার্সনে কোম্পানির ক্রেডিট রেটিং তথ্য, আইন ভঙ্গ করেছে কিনা এমন তথ্য, লেনদেন শুরু করার তারিখ, কোন ধরনের প্রতিষ্ঠান, আর্থিক প্রতিবেদনের বিস্তারিত তথ্য, আদার কম্প্রিহেনসিভ ইনকামের তথ্য, প্রতিদিনের পিই রেশিও, ঋণের অবস্থা, কর্পোরেট পোর্ট ফোলিও, শেয়ার প্রতি আয়ের সব যাবতীয় তথ্য পাওয়া যাবে। স্বপন কুমার বালা বলেন, বিনিয়োগকারীরা কোনো কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে জানতে হবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার সঙ্গে কারা জড়িত। তাদের ইতিহাস সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। কোম্পানির নাম নয় কাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তা মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, নতুন আপডেটেড ভার্সনে বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সুবিধার্থে কোম্পানির তালিকাভুক্ত হওয়ার সময় যেসব শেয়ারহোল্ডার জড়িত ছিল তাদের তথ্য দেয়া হয়েছে। এমডি বলেন, নতুন করে সাজানো ওয়েবসাইটে তালিকাভুক্ত ২৯টি কোম্পানির আর্থিক প্রতিবেদনের আপডেটেড তথ্য দেয়া যায়নি। কারণ এসব কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে গড়মিল দেখা গিয়েছে। এর জন্য কোম্পানির অডিট ফার্ম দায় এড়াতে পারেন না। তাদেরকে বলা হয়েছে দ্রুত তা ঠিক করে দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে, ডিএসইর ওয়েব সাইটটির বাংলা ভার্সনও করা হয়েছে। বর্তমানে তালিকাভুক্ত ৫৬০টি সিকিউরিটিজের মধ্যে ২৯০টি কোম্পানি রয়েছে। আপাতত কোম্পানি ও সিকিউরিটিজের সব তথ্য ওয়েবসাইটে ডিএসই আপলোড করবে। কিন্তু শিগগিরই এ দায়িত্ব সব তালিকাভুক্ত কোম্পানি ও সিকিউরিটিজকে দেওয়া হবে। তারা তাদের তথ্য নির্দিষ্ট সময়ে আপলোড করতে পারবে। কোন তথ্য কোন সময়ে দেওয়া হয়েছে তার সময়ও উল্লেখ থাকবে। এতে বিনিয়োগকারীরা কোম্পানি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে।সংবাদ সম্মেলনে ডিএসইর সিআরও জিয়াউল হাসান খান, সিএফও আব্দুল মতিন পাটওয়ারী, ডিএসই কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।এসআই/জেএইচ/এবিএস