দেশজুড়ে

বৈশাখে ঘুরতে এসে লাশ হয়ে ফিরল দুই যুবক

পহেলা বৈশাখে মোটরসাইকেলে চার বন্ধু মিলে ঘুরতে এসে লাশ হয়ে ফিরলো দুই যুবক। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পার্শ্বে মুনশুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে সৌরভ (২৫) ও পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে তার বন্ধু নিমনের (২০) মৃত্যু হয়।      নিহত সৌরভ গাজীপুর সদর উপজেলার মাধববাড়ী এলাকার সোলেমান হোসেনের ছেলে ও নিমন একই উপজেলার উত্তর ছায়াবীথী এলাকার শাকিল মিয়ার ছেলে।   কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান নিহতের মা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গাজীপুর সদর থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মিলে ঘুরতে আসে কালীগঞ্জে। বিকেলে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুর এলাকায় বন্ধু নিয়নসহ সৌরভের বেপরোয়া গতির মোটরসাইকেলটি (ঢাকা-মেট্রো ল-১৫-১৩২০) উত্তরা ফিলিং স্টেশনের পার্শ্বের একটি কালভার্টের পিলারের সঙ্গে আঘাত লাগে। এতে ঘটনাস্থলে সৌরভ নিহত হয় এবং গুরুতর রক্তাক্ত অবস্থায় নিমনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পরে ঢামেকে নেয়ার পথে নিমনের মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহত সৌরভ গাজীপুর আজিম উদ্দিন কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সৌরভ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।     আব্দুর রহমান আরমান/এআরএ/এবিএস