গাজীপুরে জমি নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষরা ছেলেকে কোপাচ্ছে খবর শুনে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। তার নাম গিয়াস উদ্দিন গেসু (৬৫)। রোববার দুপুরে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা হামলাকারী আতাবুর (৩৫) ধরে পুলিশে সোপর্দ করেছে। আহত ছেলের নাম ফাইজ উদ্দিন (২৫)। তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত ফাইজ উদ্দিনের ভগ্নিপতি হযরত আলী জানান, বিরোধপূর্ণ জমিতে গিয়াস উদ্দিনের রোপন করা কাঁচা ধান দুপুরে তার ভাতিজা আতাবুর ৮/১০ জন লোক নিয়ে কাটছিলেন। এ খবর শুনে তার ছেলে ফাইজুদ্দিন গিয়ে আতাবুরকে ধান কাঁটতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি এবং এক পর্যায়ে আতাবুর তার হাতে থাকা কাঁচি দিয়ে ফাইজ উদ্দিনকে উপর্যুপরি কোপায়। এ খবর শুনে বাড়িতে থাকা গিয়াস উদ্দিন মারা যান।স্থানীয়রা আতাবুরকে ধরে একটি ঘরে আটকে রাখে এবং ফাইজ উদ্দিনকে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফাইজ উদ্দিনের দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।জয়দেবপুর থানা পুলিশের হোতাপাড়া ফাঁড়ির এসআই মো. নাজমুল হক ভুইয়া জানান, খবর পেয়ে পুলিশ আতাবুরকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমিনুল ইসলাম/ এমএএস/পিআর