বছর দুয়েক আগে প্রতিবেশি কর্তৃক হামলা ও আহতের ঘটনায় চকরিয়া থানায় একটি জিআর মামলা করেছিলেন চকরিয়ার পালাকাটা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে শাহজাহান (৪৫)। ওই মামলায় হাজিরা দিতে ভাইসহ ছয়জন কক্সবাজার যাচ্ছিলেন। কিন্তু নিয়তি তাকে চকরিয়ার সীমানা পার হতে দেয়নি। বাসে উঠা অবস্থায় তিশা পরিবহনের সহকারীর ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মারা গেছেন তিনি। সোমবার বেলা ১১টার দিকে চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের ভাই আবু ছৈয়দ জানান, মামলায় হাজিরা দিতে তিশা পরিবহনের একটি বাসে করে আমরা ৬ জন চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলাম। বাসটি চকরিয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে কিছুদূর যাওয়ার পর একটি ফিলিং স্টেশনে তেল নিতে থামে। এসময় শাহজাহান প্রসাব করতে বাস থেকে নেমে পড়ে। তেল ভর্তির পর চালক বাস ছেড়ে দিলে সে তড়িঘড়ি করে উঠতে যান। এসময় চালকের সহকারী ধাক্কা দিলে শাহজাহান সড়কে উপুড় হয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বাসটি পালিয়ে যাওয়ায় চালক ও সহকারীকে আটকানো যায়নি।কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, শাহজাহান মুখমণ্ডল ও মাথায় আঘাত পান। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।চকরিয়া থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সায়ীদ আলমগীর/ এমএএস/পিআর