জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী রেজিস্ট্রার এক দম্পতির বিরুদ্ধে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করে বিধি অনুযায়ি তা কর্তৃপক্ষের কাছে জমা না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দু’কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এছাড়াও তাদেরকে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার কাজ থেকে বিরত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত পত্র থেকে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. রেজাউল করিম ও স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল দপ্তরের সহকারী রেজিস্ট্রার কামরুন্নাহার গত ২৫ মার্চ অনুষ্ঠিত এলএলবি ১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ কাজে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন তারা এক পরীক্ষার্থীর মোবাইল ফোন সেট জব্দ করেন। কিন্তু বিধি অনুযায়ী তারা ওই মোবাইল ফোন সেটটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা কলেজ অধ্যক্ষের কাছে কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেননি এবং বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেননি। এ ব্যাপারে ওই দুই সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপিত হলে রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এছাড়াও তাদেরকে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার কাজ থেকে বিরত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, অভিযুক্ত ওই দু’সহকারী রেজিস্ট্রার সম্পর্কে স্বামী-স্ত্রী। মোবাইল ফোন সেট জব্দ করে বিধি সম্মত ব্যবস্থা না নেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সম্মানহানি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানান, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে অফিসিয়ালি কার্যক্রম চলছে। আমিনুল ইসলাম/এমএএস/পিআর