বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারেন না তবুও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পায়ে হেঁটে ভোটকেন্দ্রে এসেছেন মকবুল মিয়া (৮৮)। আর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের নালিতাবাড়ী উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টার দিকে তিনি ভোট দিতে আসেন।
মকবুল মিয়ার জাগো নিউজকে বলেন, ঠিকঠাক মতো হাঁটতে পারি না। অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। জীবনে অনেকবার ভোট দিয়েছি। এবারও এসেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই খুশি। আর এমন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। এইটা হয়তো জীবনের শেষ ভোট হতে পারে। শরীরটা ভালো যাচ্ছে না।
মকবুল মিয়ার বাড়ি কালিনগর গ্রামের চেল্লাখালি রাবারড্যামের কাছেই। বয়সের ভারে তিনি এখন কোনো কাজ করতে পারেন না।
শেরপুর-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫টি, গুরুত্বপূর্ণ ৫৯টি আর সাধারণ ভোট কেন্দ্র ৪০টি। আর মাঠে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। জেলায় প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।
মো. নাঈম ইসলাম/এনএইচআর/এএসএম