কক্সবাজারের টেকনাফে ফিল্মী স্টাইলে বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া হাজামপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ হাশেম (৩৫)। তিনি হাজামপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান।স্থানীয় সুত্রে জানা যায়, অস্ত্রধারী কিছু যুবক প্রকাশ্যে গুলি করতে করতে ফিল্মী স্টাইলে মো. হাশেমের বাড়িতে ঢুকে বেপরোয়াভাবে গুলি বর্ষণ করে। এতে মো. হাশেমের শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে গুরুতর আহত হন। দুস্কৃতিকারীরা গুলি বর্ষণের পর ‘বীর দর্পে’ স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা গুলিবিদ্ধ হাশেমকে উদ্ধার টেকনাফ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।অপর একটি সূত্র জানায়, হাশেম রাত পৌনে ১০টার দিকে একই এলাকায় তার শ্বশুর বাড়ি যাচ্ছিল। হাজামপাড়া রাইচ মিলের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎপেতে থাকা অস্ত্রধারীরা এলোপাতারি গুলি শুরু করে। হাশেম দৌঁড়ে শ্বশুর বাড়িতে ঢুকে গেলে দুর্বৃত্তরা সেখানে ঢুকেও গুলি চালানো অব্যহত রাখে। সেখানেই গুলিবিদ্ধ হয়ে হাশেম মারা যান। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার মূল কারণ তৎক্ষণাত জানা যায়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ মাঠে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/একে