দেশজুড়ে

কুমিল্লায় গ্রামীণ ব্যাংকের ২ কর্মকর্তা গ্রেফতার

গ্রাহকের স্বাক্ষর জ্বালিয়াতি করে প্রায় ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে দুদক কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি দল গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল অফিস থেকে ওই দুই কর্মকর্তাকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে ব্যাংক ম্যানেজার আনোয়ার হোসেন ভূইয়া এবং কুমিল্লার লাকসাম উপজেলার নুরপুর গ্রামের ধীরেন্দ্র কুমার সিংহের ছেলে সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ। গ্রেফতারের পর তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। দুদক কুমিল্লার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপটী (পশ্চিম) গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন ভূইয়া এবং একই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ পরস্পর যোগসাজসে ওই ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষর জ্বালিয়াতি করে ৪০ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা উত্তোলন করে আত্মসাত করেন। এ ঘটনায় দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদী হয়ে ২০১৪ সালের ১৯ নভেম্বর চাঁদপুরের ফরিদগগঞ্জ থানায় ওই দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রোববার দুপুর দেড়টায় দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম উভয়কে গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল অফিসে ডেকে পাঠিয়ে গ্রেফতার করেন। কামাল উদ্দিন/এফএ/এবিএস