দেশজুড়ে

কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোটনা গ্রামের একটি ধানের জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় লোকজন কোটনা গ্রামের একটি ধানের জমিতে অজ্ঞাত এবং বিকৃত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল সোয়া ১০ টায় দেবিদ্বার থানার এসআই সোহেল ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, ‘মরদেহে পচন ধরায় স্থানীয়রা এখনে পরিচয় সনাক্ত করতে পারছে না। তবে উদ্ধার হওয়া মরদেহটি ওই এলাকার কোনো ব্যক্তির নয় এটা নিশ্চিত। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকা থেকে ওই ব্যক্তিকে এ স্থানে এনে হত্যা করা হতে পারে।’স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার এম এ ছালাম জানান, ‘ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ নেই। তাই ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বাড়ি অন্য কোনো এলাকায় হতে পারে।’ এদিকে, মরদেহের সুরতহালসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে দুপুরের মধ্যে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। কামাল উদ্দিন/এসএস/পিআর