দেশজুড়ে

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি গ্রেফতার

পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আবদুল হক ওরফে হক শাহ নামে এক আসামি ছিনিয়ে নেয়ার ৪১ দিন পর গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম।জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে জেলার তিতাস থানার এসআই হুমায়ুন কবির চারজন সঙ্গীয় ফোর্সসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবদুল হককে (হক শাহ) গ্রেফতারের জন্য ওই উপজেলার কাপাসকান্দি তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় তার স্বজনরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। এতে ওই বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশ দলকে ঘেরাও করে। এক পর্যায়ে পুলিশকে আহত করে হাতকড়া পরানো অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের এবং ওই আসামির স্ত্রী, ভাই ও ভগ্নিপতিসহ ৪ জনকে গ্রেফতার করে। ওই ঘটনার পর থেকে আবদুল হক পলাতক ছিল। ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ পিপিএম জানান, গোপন সূত্রে খবর পেয়ে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে পলাতক আসামি আবদুল হককে গ্রেফতার করা হয়েছে। তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে পুলিশ আহত করাসহ একাধিক মামলা রয়েছে। কামাল উদ্দিন/এসএস/পিআর