গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে বিশ্বের ১১টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৩ জনের একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দলটি উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের কমিউনিটি হেলথ কেয়ার পরির্শদন শেষে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. আলী হায়দার খান ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকাণ্ড ও রোগীদের সঙ্গে কথা বলে কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আইসিডিডিআরবি’র কনসালটেন্ট ডা. মো. ফেরদৌস আলম, সিনিয়র প্রোগ্রামার মো. অলিউল হাসান, এনালাইসিস্ট প্রোগ্রামার মাসুদ পারভেজ ও সিনিয়র প্রোগ্রামার মো. জাহিদ হোসেন সহিদের নেতৃত্বে বিশ্বের ১১টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৩ জনের একটি প্রতিনিধি দল উপজেলা কমপ্লেক্স পরিদর্শন করেন। এদের মধ্যে ভুটানের ৪ জন, কলম্বিয়ার ১ জন, জার্মানীর ১ জন, ভারতের ২ জন, নরওয়ের ১ জন, ইন্দোনেশিয়ার ৪ জন, মিয়ানমারের ১ জন, ফিলিপাইনের ১ জন, নেপালের ৭ জন, ইউকে’র ১ জন ও ইউএসএ’র ৪ জন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, ওই ১১টি দেশের প্রতিনিধি দল ঢাকায় ২ দিনের একটি সম্মেলনে আসেন। সম্মেলন শেষে তাদের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে আসেন। এর মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি। পরিদর্শনে তারা কমপ্লেক্সের সেবার মান ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। আব্দুর রহমান আরমান/এমএএস/পিআর