কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৫৭ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মানবিক সহায়তা দিয়ে বিকেলে তাদের আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও ঘুমধুম বিওপি সদস্যরা মঙ্গলবার সকাল ও দুপুরে পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। কক্সবাজার-১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, মিয়ানমার সীমান্তের বেতবুনিয়া বাজার ও পশ্চিমকূল এলাকায় বিজিবির সদস্যরা টহল দেয়ার সময় ৭৫ রোহিঙ্গাকে আটক করে। আটকদের মধ্যে ৩৩ জন পুরুষ, ২১ জন নারী। আটকদের মানবিক সেবা দিয়ে বিকেল ৪টার দিকে আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। চলিত মাসে এ পর্যন্ত ২৫১ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয় বলেও উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস