দেশজুড়ে

বাসে অতিরিক্ত ভাড়া নিলে সাসপেন্ড করা হবে: খুলনা মালিক সমিতি

ধর্মঘটের কারণে রেল চলাচল বন্ধ হওয়ায় বাসে অতিরিক্ত ভাড়া নিলে সেই বাস সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল করিম।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে জাগো নিউজকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ট্রেন বন্ধ থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া আদায় অভিযোগ করলে সেই বাস সাসপেন্ডে রাখা হবে।

এদিকে, রেলের রানিং স্টাফদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে খুলনাতে রাত ১২টার (২৮ জানুয়ারি) পর থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ফলে খুলনা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন জেলায় যাওয়ার বাসে যাত্রী বেড়েছে।

খুলনা স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন গন্তব্যে যেতে শত শত যাত্রী স্টেশনে এসে পরে ফিরে যাচ্ছেন। তারা বাসস্ট্যান্ডে ভিড় জমাচ্ছেন। তবে যাত্রীদের চাপ থাকলেও এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ খুলনা থেকে পাওয়া যায়নি।

মো. আরিফুর রহমান/এএইচ/এএসএম