ভিডিও ENG
  1. Home/
  2. কৃষি ও প্রকৃতি

ফাল্গুন ও ভালোবাসায় বিক্রি বেড়েছে ফুলের দোকানে

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরা শহরের ফুলের দোকানগুলোতে দেখা গেছে তরুণ-তরুণীর ভিড়। ১৪ ফেব্রুয়ারি সকাল থেকেই শহরের চৌধুরীর মোড় ও সড়কের পাশে অস্থায়ী-স্থায়ী দোকানগুলোয় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা ও বিভিন্ন ধরনের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ ও হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে অনেকেই ফুল কিনতে বের হয়েছেন।

ফুল বিক্রেতারা জানান, দুই আয়োজন একসঙ্গে পড়ায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। তবে পাইকারি বাজারে দামের ওঠানামার কারণে খুচরা বাজারে প্রভাব পড়েছে। মান ও আকারভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের তোড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

magura

দিনটিকে পালন করতে তরুণ-তরুণীরা নানা সাজে ফুলের দোকানে ফুল কিনছেন। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সময় পার করছেন। তরুণীরা বলছেন, দিনটি সবার জীবনে বয়ে আনুক সুন্দর আগামী। সবার ভালোবাসার মানুষকে খুঁজে পাক।

ক্রেতারা বলছেন, বিশেষ দিন হওয়ায় দাম কিছুটা বেশি মনে হলেও প্রিয়জনের জন্য ফুল কিনতেই হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় দাম সহনীয় আছে।

ব্যবসায়ী সোহেল বলছেন, ‘আগের মতো আর পহেলা ফাল্গুন পালন হয় না। তাই ফুলের বেচাবিক্রিও কমে গেছে। তবে বিকেলের পর ভিড় আরও বাড়বে।’

flower

সব মিলিয়ে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঘিরে মাগুরার ফুলের বাজারে তৈরি হয়েছে উৎসবের আবহ। দামের বিষয়ে মতভেদ থাকলেও বেচাকেনায় রয়েছে প্রাণচাঞ্চল্য।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

আরও পড়ুন