জকসু নির্বাচন: শীর্ষ তিনসহ শিবিরের ১৬ পদে জয়
জকসু নির্বাচন: শীর্ষ তিনসহ শিবিরের ১৬ পদে জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ২১টি সম্পাদকীয় পদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বুধবার দিবাগত রাত ১টায় জকসু নির্বাচন কমিশনার মো. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান।
সহ-সভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী এবং আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।
এছাড়া সম্পাদকীয় অন্যান্য পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নূরনবী পেয়েছেন ৫ হাজার ৪০০ ভোট। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহীম খলিল ৫ হাজার ৫২৪ ভোট, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখীমন ৪ হাজার ৪৮৬ ভোট, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নুর মোহাম্মদ ৪ হাজার ৪৭০ ভোট, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক ৪ হাজার ৬৫৪ ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওসিন নাওয়ার জয়া ৪ হাজার ৫০১ ভোট, ক্রীড়া সম্পাদক পদে জারজিস আনোয়ার নাইম ৩ হাজার ৯৬৫ ভোট এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান ৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে শান্তা আক্তার ৩ হাজার ৫৫৪ ভোট, ফাতেমা আক্তার অওরীন ৩ হাজার ৮৫১ ভোট, আকিব হাসান ৩ হাজার ৫৮৮ ভোট, মো.মেহেদী হাসান ৩ হাজার ৪৪৮ ভোট ও আব্দুল্লাহ আল ফারুক ২ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে তিনটি সম্পাদকীয় পদে তিনজন জয় পেয়েছেন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ ৫ হাজার ৩৮৫ ভোট, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান ৪ হাজার ২৩ ভোট এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব ৪ হাজার ৬৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এছাড়া একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাদমান আমিন (সাদমান সাম্য)। তিনি পেয়েছেন ৩ হাজার ৩০৭ ভোট।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যনির্বাহী সদস্য পদে জাহিদ হাসান ৩ হাজার ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ ভোটার। ২১টি পদে ১৫৭ জন প্রার্থী লড়েছিলেন।
হল সংসদ নির্বাচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) মোট ১৩টি সম্পাদকীয় পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রী সংস্থা–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
ভিপি পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মোছা: জান্নাতুল উম্মি তারিন ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার রিমি ২৩৬ ভোট পেয়েছেন।
জিএস পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা নেলি ২৩৬ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রীসংস্থা সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রেদওয়ানা খাওলা ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান মুন ৪০৪ ভোট পেয়েছেন।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে সংস্কৃতি সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (ইমু) ৩৪৬ ভোট, পাঠাগার সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা সামিয়া ৫৩৯ ভোট, ক্রীড়া সম্পাদক সাবিকুননাহার পদে ৬৩৫ ভোট এবং সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার ৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবরিনা আক্তার ৬১৪। নওশীন বিনতে আলম ৫৩৪ ভোট ও মোছা. সায়মা খাতুন ৫১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন
অন্যদিকে ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে একটি সম্পাদকীয় পদে জয় পেয়েছেন সাদিয়া আফরোজ। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে তিনি পেয়েছেন ৪৩৩ ভোট।
এছাড়া একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লস্কর রুবাইয়াত জাহান।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে খাদিজা খাতুন ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জবির নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১২৪৭ জন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আমরা অত্যন্ত ফলপ্রসূভাবে প্রথম জকসু নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৬ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যারা বিজয়ী, তাদের অভিনন্দন। মিলেমিশে আমাদের জকসুর প্রথম সংসদের কার্যক্রম পরিচালনা করবেন সেই প্রত্যাশা।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিতদের অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।’
৬ জানুয়ারি হওয়া নির্বাচনটি প্রাথমিকভাবে গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করে প্রশাসন।
এমআরএম/এমএমএআর/