ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

প্রথমবার রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৬ মার্চ ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলন শুরু হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে শেষ হয়।

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের প্রতিনিধিদের পাশাপাশি রাকসুর প্রতিনিধিরাও অংশ নেন। তারা নিজ নিজ হল ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় আবাসিক সিট সংকট, হলের অবকাঠামোগত উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ, খাবারের মানোন্নয়ন এবং সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ব্যবস্থাপনা, প্রভোস্ট কাউন্সিলের কাঠামোগত সীমাবদ্ধতা এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবির প্রেক্ষাপট তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ইসমত আরা বেগম বক্তব্য দেন। তিনি বলেন, ‘প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়কের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিন মাস পরপর দায়িত্ব পরিবর্তন হওয়ায় কোনো বিষয় পুরোপুরি অনুধাবন করার আগে দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে দীর্ঘমেয়াদি বা বড় কোনো উদ্যোগ বাস্তবায়নের সুযোগ সীমিত হয়ে পড়ে।’

বিভিন্ন দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিপি-জিএসরা যখন বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তখন অনেক ক্ষেত্রে হল সংসদের সভাপতির কাছে গেলে তাদের প্রভোস্ট কাউন্সিলে আবেদন করার পরামর্শ দেওয়া হয়। অতীতে বিভিন্ন প্রশাসন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে হল পরিচালনা করেছেন।

প্রথমবার রাকসু, সিনেট ও হল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, ‘রাকসু নির্বাচন ছিল আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং নির্বাচনের মাধ্যমে তা পূরণ হয়েছে। রাকসুর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি করা। রাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারবে এবং নানা দাবি-দাওয়া উপস্থাপন করতে পারবে। আজকের অনুষ্ঠানে রাকসু আমাদের যে গিফট দিয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছবি ও জুলাই আন্দোলনের দৃশ্য দেওয়া আছে, যা খুবই গুরুত্বপূর্ণ।’

সম্মেলনে রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘রাকসু, সিনেট ও হল সংসদের এ রকম সম্মেলন আগে হয়েছে কি না জানি না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলাম এ ধরনের একটি সম্মেলন আয়োজন করতে। তবে এ সম্মেলনটি আমি নির্বাচনের এক মাস পর করতে চেয়েছিলাম, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। আমাদের কাজগুলো একটু দেরিতে হলেও হচ্ছে—এজন্য শুকরিয়া আদায় করা উচিত।

রাকসু গঠনের প্রায় চার মাস পর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ প্রথমবারের মতো রাকসু, সিনেট ও হল প্রতিনিধিদের সমন্বয়ে এমন সম্মেলন অনুষ্ঠিত হলো। সংশ্লিষ্টরা এটিকে অংশগ্রহণমূলক ছাত্র নেতৃত্ব ও প্রশাসনিক সংলাপের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম