ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিলো রাকসু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

‘হিজাব গর্বের সঙ্গে পরিধান করুন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হিজাব দিবস-২০২৬ উপলক্ষে নারী শিক্ষার্থীদের ফ্রি হিজাব উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাকসু ভবনের সামনে প্রায় দুই শতাধিক নারী শিক্ষার্থীকে ফ্রি হিজাব দেন তারা।

আয়োজকরা জানান, এ আয়োজনকে ঘিরে নারী শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। হিজাব শুধু একটি পোশাক নয়; এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিগত পরিচয়ের অংশ—এই বার্তাকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।

হিজাব পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেঘনা রহমান বলেন, হিজাবটি পাওয়ার পর অনুভূতিটা সত্যিই অন্যরকম। হিজাব যে আমাদের অধিকার—এ কথা আমরা কিছুদিন আগেও বলতে ভয় পেতাম। কিন্তু এখন এই হিজাব সম্পর্কে আমরা গর্বের সঙ্গে বলতে পারি। এ ধরনের আয়োজন নারীদের আরও উৎসাহিত করবে এবং যারা হিজাব পরতে দ্বিধাবোধ করে, তাদের অনুপ্রাণিত করবে। হিজাব আসলে নারীদের জন্য কোনো বাধা নয়; বরং এটি আমাদের সামনে এগিয়ে নিতে এবং নারীদের বুদ্ধিমত্তার সঙ্গে পথচলায় সহযোগিতা করে।

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিলো রাকসু

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা ইয়াসমিন রাকসুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হিজাব আমাদের মুসলিম নারীদের গর্ব। কিন্তু বর্তমানে হিজাব নিয়ে যে পরিমাণ কটূক্তি করা হয়, তা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা স্বপ্ন দেখি সেই দিনের, যেদিন প্রতিটি মুসলিম নারীর এই হিজাবকে সম্মান দেওয়া হবে। রাকসু কর্তৃক এ আয়োজনকে সাধুবাদ জানাই এবং এই ধারা যেন অব্যাহত থাকে।

ফ্রি হিজাব বিতরণ নিয়ে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যেদা হাফসা বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হিজাব পরিধানে উৎসাহিত করতে রাকসুর উদ্যোগে এই হিজাব বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, এটি হিজাবি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। পাশাপাশি ক্যাম্পাসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান। তখন থেকে প্রতিবছর ১ ফেব্রুয়ারি হিজাবের প্রতি সম্মান জানাতে বিশ্বব্যাপী বিশ্ব হিজাব দিবস পালন করা হয়ে আসছে।

মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম