ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জামায়াত আমিরের এক্স পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে বিক্ষোভকারীরা ঝাড়ু নিয়ে একটি মিছিল করেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, একটি রাজনৈতিক দল বারবার নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে, এটি নতুন কোনো বিষয় নয়। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাগুলোই তাদের দীর্ঘদিনের এই নীতির প্রমাণ।

তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের প্রতি অবমাননাকর আচরণের জন্য সংশ্লিষ্টদের জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

সমাবেশে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন, জামায়াত ধারাবাহিকভাবে মিথ্যা ও নাটকীয় বক্তব্যের মাধ্যমে নিজেদের সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের আমিরের এক্স আইডি হ্যাক হয়েছে-এমন দাবির পক্ষে তারা কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি।

তিনি আরও বলেন, আইডি হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তনের বিষয়টি সামনে আসত, কিন্তু বাস্তবে দেখা গেছে পাসওয়ার্ড পরিবর্তন করেছে তারাই, যা পুরো ঘটনাটিকে সাজানো নাটক হিসেবে প্রকাশ করে।

মাহতাব উদ্দিন বলেন, নারীদের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি জামায়াতের দীর্ঘদিনের নীতিরই বহিঃপ্রকাশ। কর্মজীবী নারীদের মর্যাদা ক্ষুণ্ন করার এই মানসিকতা তাদের তৃণমূল পর্যন্ত সক্রিয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এবং প্রমাণ দিতে ব্যর্থ হলে জামায়াত আমিরকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ঢাবি শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা মুনাফিকি ছাড়া রাষ্ট্র ও সমাজের কোনো দায়িত্বই সফলভাবে পালন করতে পারেনি।

এফএআর/জেএইচ