ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিপ্রবি

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ২ সহকারী প্রক্টরসহ আহত ২৫

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই বিভাগের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর ও দুজন শিক্ষকসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৫টা ১৯ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বাংলা ও লোকপ্রশাসন বিভাগ। মাঠের উত্তর পাশে বাংলা বিভাগের শিক্ষার্থীরা ও দক্ষিণ পাশে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। খেলার এক পর্যায় লোকপ্রশাসন বিভাগের একজন ফিল্ডারকে ‘স্লেজিং’ করাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা বিপরীত পক্ষকে লক্ষ্য করে লাঠি, চেয়ার ও ইটপাটকেল ছুড়তে থাকেন। শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষের পর সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও দুই বিভাগের শিক্ষক এবং অন্য শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ২ সহকারী প্রক্টরসহ আহত ২৫

এদিকে, শিক্ষার্থীদের সংঘর্ষের সময় উপস্থিত সহকারী প্রক্টর ড. মোহাম্মদ ওমর ফারুক ও ড. মো. জাহাঙ্গীর আলম এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও প্রভাষক আবদুল বাসিতসহ দুই পক্ষের অন্তত ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ও বাকিদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

বাংলা বিভাগের আহত শিক্ষার্থীরা হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুবুর রহমান, ২০২০-২১ শিক্ষাবর্ষের সোহানুর রহমান, ২০২১-২২ শিক্ষাবর্ষের শাকিল শাহরিয়ার, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নওশাদ খান মিল্কি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. রাহুল, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জশমন্ত মল্লিকসহ অন্তত ১০ শিক্ষার্থী।

লোকপ্রশাসন বিভাগের আহরা হলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাহফুজ আলম মিঠুন, ২০২০-২১ শিক্ষাবর্ষের রেদওয়ান করিম, ২০২১-২২ শিক্ষাবর্ষের সুমন হোসেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাহফুজ আলম, ফারদিন ইসলাম সীমান্ত ও সাজিদ আবরার, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নোহান ইমতিয়াজ ও ইহসানুল হক মিলনসহ অন্তত ১১জন শিক্ষার্থী।

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ২ সহকারী প্রক্টরসহ আহত ২৫

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, শিক্ষার্থীদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। তবে এই ঘটনায় ন্যায্যতার ভিত্তিতে বিচার করা হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।

প্রক্টরিয়াল বডির সদস্যদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যসহ আমাদের চারজন সহকর্মী (শিক্ষক) আহত হয়েছেন। শিক্ষকরা এভাবে লাঞ্ছিত হওয়া কোনোভাবেই কাম্য নয়। যারা ছাত্র সুলভ আচরণ করতে ব্যর্থ হয়েছেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ জাহিদ/কেএইচকে/জেআইএম