ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার নির্দেশ ঢাবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৪ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

মঙ্গলবার (২৪ মার্চ) উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবনের বিষয়ে কঠোর অবস্থান নিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান উপাচার্য।

সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিল নিয়েও সভায় আলোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান।

এফএআর/এমএমএআর